৬ বছর পর কি শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক!
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-তে বড় পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। ২০২০ সালে যাত্রা শুরুর পর বিগত প্রায় ছয় বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা এই সিরিয়ালটিতে ফের গল্পের মোড় ঘোরানোর পরিকল্পনা করছেন নির্মাতারা।
খবর অনুযায়ী, ধারাবাহিকের চিত্রনাট্যে নতুনত্ব আনতে পুরনো অনেক চরিত্রকে বিদায় জানানো হতে পারে এবং তাদের জায়গায় যুক্ত হবেন নতুন কিছু চরিত্র। তবে কেন্দ্রীয় চরিত্র ‘অনুপমা’ হিসেবে রূপালি গঙ্গোপাধ্যায়ই থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারাবাহিকের গল্পের পরবর্তী অধ্যায়কে ফুটিয়ে তুলতেই নির্মাতারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’-র হিন্দি সংস্করণ হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নিজস্ব কাহিনীচিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে ‘অনুপমা’। এর আগেও ধারাবাহিকের গল্পে একাধিকবার সময়কাল বা ‘লিপ’ আনা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথমবার পাঁচ বছরের লিপ এবং ২০২৪ সালে ফের ছয় মাসের ব্যবধান দেখানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপমার নতুন জীবন শুরু হওয়ার পর ধারাবাহিকের প্রেক্ষাপট বদলানো হয়েছিল।
এই আসন্ন পরিবর্তন বা নতুন পর্ব কবে থেকে শুরু হবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ধারাবাহিকের নিয়মিত দর্শকরা এই বড় রদবদল নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন।