অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বড় স্বস্তি হাইকোর্টে!
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে রিপোর্ট তলবের আবেদন খারিজ
ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ভবনে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে আইনি জটিলতা অব্যাহত রয়েছে। অফিসটি বন্ধ থাকায় দুর্ঘটনার আশঙ্কায় আদালত থেকে রিপোর্ট তলবের আর্জি জানানো হয়েছিল। তবে বিচারপতি রিশাদ মেদোরা সেই আবেদন খারিজ করে দিয়েছেন। মামলাকারীর দাবি, গত ৩ সেপ্টেম্বর থেকে অফিস বন্ধ থাকলেও সেখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে অগ্নিনিরোধক ব্যবস্থা ও লিজ চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ভবনটি নিয়ে পুরসভা ও মালিকপক্ষের সঙ্গে তৃণমূল সাংসদের দীর্ঘ আইনি লড়াই চলছে।
প্রসঙ্গত, এই দফতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছে কালীঘাট শিবির। পাল্টা অভিযোগ তুলে সম্পত্তির মালিকের দাবি, কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার আগেই জোরপূর্বক ওই জায়গা দখল করা হয়েছিল। বর্তমানে দমকলের নোটিসের ওপর আদালতের স্থগিতাদেশ থাকলেও ভবনের মালিকানা ও ব্যবহার নিয়ে জটিলতা কাটেনি। উভয়পক্ষের বাগ্বিতণ্ডায় ক্যামাক স্ট্রিটের এই অফিস বিতর্ক এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর রয়েছে।