হাওড়ার রাসমনি ঘাটে ছট পুজোর অনুমতি, তবে আগামী বছর থেকে নিষেধাজ্ঞা হাইকোর্টের

হাওড়ার রাসমনি ঘাটে ছট পুজোর আয়োজনের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চলতি বছর শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত পুজো ও আচার-অনুষ্ঠান পালন করা যাবে। তবে আগামী বছর থেকে এই ঘাটে পুজোর অনুমতি আর দেওয়া হবে না। রাজ্য প্রশাসনকে এখন থেকেই বিকল্প জায়গার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে ঘাট চত্বরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং প্রবেশের মুখে মেটাল ডিটেক্টর রাখতে হবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ঘাটে একসঙ্গে ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই সংখ্যা পূর্ণ হলেই পুলিশকে প্রবেশপথ বন্ধ করে দিতে হবে। এছাড়া ঘাট এলাকায় সব ধরনের বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পুজোর সুষ্ঠু পরিচালনার জন্য ছট পুজো কমিটির ছয়জন সদস্যের নাম নথিভুক্ত করেছে আদালত। কোনো অপ্রীতিকর ঘটনা বা সম্পত্তির ক্ষতি হলে ওই ছয়জন সদস্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। রাসমনি প্রপার্টির সেবায়েতদের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। সেবায়েতদের অভিযোগ ছিল, জরাজীর্ণ ঘাট ও সরু প্রবেশপথের কারণে বিপুল মানুষের ভিড় অত্যন্ত বিপজ্জনক। প্রতি বছর আইনি জটিলতা এড়াতে আদালত আগামী বছর থেকে স্থায়ী সমাধানের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *