সমাজমাধ্যমে পোস্টের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থানায় তলব পুলিশের

সমাজমাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ভবানীপুর থানা। আগামী শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ মে সমাজমাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই পোস্টের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিষেকের ওই পোস্টের বিরুদ্ধে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, জ্ঞানেশ কুমারকে নিয়ে করা ওই মন্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীর মতে, সাংসদের এই মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর।

উল্লেখ্য, এই মামলার পাশাপাশি গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে একাধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ও সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। শনিবারের তলব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *