ভুয়ো প্রেস কার্ডের আড়ালে তৃণমূলের কারসাজি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
ভুয়ো প্রেস কার্ড ব্যবহার করে বুথ দখলের ছক কষছে আইপ্যাক, অভিযোগ শুভেন্দুর
কয়লা পাচার মামলায় আইপ্যাক (I-PAC) ডিরেক্টরের গ্রেফতারির পর এবার ভোটকুশলী সংস্থাটির বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অত্যন্ত পরিকল্পিতভাবে কয়েক হাজার ভুয়ো প্রেস কার্ড তৈরি করে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে বিলি করা হচ্ছে। এই কার্ড ব্যবহার করে কর্মীরা সাংবাদিকের ছদ্মবেশে ভোটগ্রহণ কেন্দ্র ও স্পর্শকাতর প্রশাসনিক এলাকায় প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার এবং ছাপ্পা ভোটের পরিবেশ তৈরির ছক কষছে বলে অভিযোগ করেছেন তিনি।
এই পরিস্থিতির প্রেক্ষিতে বিরোধী শিবির সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। কমিশন এবং জেলা প্রশাসনকে রাজ্যজুড়ে ইস্যু করা নতুন প্রেস কার্ড ও অ্যাক্রেডিটেশন লেটার দ্রুত পরীক্ষার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, পুলিশ ও প্রশাসনকে যেকোনো সন্দেহভাজন সাংবাদিকের নথিপত্র কঠোরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অনৈতিক হস্তক্ষেপ বা অপব্যবহার রোধ করা সম্ভব হয়।