চুক্তি না হলে ফের শুরু হবে যুদ্ধ, ট্রাম্পের হুঁশিয়ারিতে কি কাঁপছে পশ্চিম এশিয়া?
পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের প্রচেষ্টায় নতুন সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ২২ এপ্রিলের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে। ট্রাম্পের সাফ কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী চুক্তি না হলে ওয়াশিংটন সামরিক পথ বেছে নেবে। তিনি জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে পুনরায় বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা।
ট্রাম্পের এই কঠোর অবস্থানের বিপরীতে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে, পরিস্থিতি প্রতিকূলে গেলে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিতে পারে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতির ওপরই এই নৌপথের ভবিষ্যৎ নির্ভর করছে।
এই চরম উত্তেজনার মধ্যেই আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, শান্তি আলোচনার লক্ষ্যে রবিবারের মধ্যেই প্রতিনিধি দলগুলো পাকিস্তানে পৌঁছাবে। পূর্বের শান্তি আলোচনা ব্যর্থ হলেও এবারের বৈঠকে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, যা ২২ এপ্রিলের সময়সীমা পার হওয়ার আগে কূটনৈতিক সমাধানের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।