ভাষণ থামালেন ক্ষুব্ধ মমতা, ওয়াই চ্যানেলে ব্যাপক উত্তেজনা!
ক্ষমতা হারানোর পর আজ দুপুর ২টো নাগাদ কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত দলীয় কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্নাস্থলে পৌঁছানোর পর দলীয় সমর্থকদের ব্যাপক চিৎকার ও বিশৃঙ্খলার জেরে তিনি মাঝপথেই নিজের ভাষণ থামাতে বাধ্য হন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন ও মালা রায়ের মতো প্রথম সারির নেতৃবৃন্দ। ট্রাম ডিপোর শেডে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে ভাষণ দেওয়ার সময় মাইকের অনুমতি না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বর্তমান সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের হুমকি দিচ্ছে এবং ভোট লুট ও দল ভাঙার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক কার্যকলাপ করতে বাধা দেওয়া এবং মঞ্চ তৈরির অনুমতি না মেলার বিষয়টিকেও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্পষ্ট জানান, যেখানেই সুযোগ পাবেন সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা সম্ভব নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ সময় বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার ঘোষণা দেন।