কাশ্মীরে দুঃসাহসী অভিযান, শৌর্য চক্রে ভূষিত বীর বাঙালি লেফটেন্যান্ট কমান্ডার সূরজ প্রশার!
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে অসামান্য সাহসিকতা ও রণকৌশলের স্বীকৃতি হিসেবে লেফটেন্যান্ট কমান্ডার সূরজ প্রশারকে ‘শৌর্য চক্র’ পদকে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে তাঁকে এই সামরিক সম্মান প্রদান করা হয়। সূরজ প্রশারের পাশাপাশি এই অভিযানে বীরত্বের জন্য সহকারী কমান্ড্যান্ট মহম্মদ শফিক, লেফটেন্যান্ট কমান্ডার রাম গোয়াল এবং কনস্টেবল সদ্দাম হুসেনকেও শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে।
গত বছরের ৫ ও ৬ নভেম্বর বান্দিপোরার চুন্টাওয়াডি গ্রামে আয়োজিত এক যৌথ অভিযানে এই বীরত্বের ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিবিরোধী তল্লাশি চলাকালীন আত্মগোপনকারী জঙ্গিরা বাহিনীর ওপর অতর্কিতে গুলি চালায়। চরম প্রতিকূল পরিস্থিতিতে লেফটেন্যান্ট কমান্ডার সূরজ প্রশার অত্যন্ত কৌশলী অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ চালান এবং আহত জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাঁর অকুতোভয় নেতৃত্ব ও তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে রাত সাড়ে আটটার মধ্যে জঙ্গি নির্মূল করা সম্ভব হয় এবং পরদিন ভোর পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সূরজ প্রশারের এই ভূমিকা ছিল সাধারণ দায়িত্বের সীমার ঊর্ধ্বে, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যকে সমুন্নত রেখেছে।