মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্সির খেলা, অভিষেকের নিশানায় বিরোধীরা!

মুর্শিদাবাদের আল-আমিন মিশন গ্রাউন্ড থেকে জিগরি মোড় পর্যন্ত এক বিশাল রোড শো শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি, কংগ্রেস ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, মুর্শিদাবাদে বিজেপির হয়ে তিনটি ‘এজেন্সি’ বা শক্তি—নির্বাচন কমিশন, অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েইসির মিম কাজ করছে। যারা ভোট ভাগ করার চেষ্টা চালাচ্ছে, তাদের সরাসরি ‘বিজেপির দালাল’ বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তৃণমূলের এই শীর্ষ নেতা।

নদী ভাঙন নিয়ে কেন্দ্রকে দায়ী করে অভিষেক বলেন, বারবার আর্জি জানানো সত্ত্বেও কেন্দ্র নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেনি। তবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা ব্যয়ে এ সংক্রান্ত কাজ শুরু করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, তৃণমূল পুনরায় নির্বাচিত হলে ফরাক্কা বাঁধের অব্যবহৃত কেন্দ্রীয় জমি উদ্ধার করে নদী ভাঙনে ঘরহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, তাদের আগামী ৪ তারিখের পর ক্ষমতায় ফিরে এক মাসের মধ্যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। সবংয়ে তৃণমূল সমর্থকের বাড়িতে চড়াও হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন, বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে এই ঘটনার যোগ্য জবাব দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *