ভোটের আগে কলকাতায় ইডির ঝড়, নিশানায় এবার প্রভাবশালী পুলিশ কর্তারা!
/indian-express-bangla/media/media_files/2026/04/02/west-bengal-live-news-2026-04-02-14-56-40.jpg?ssl=1)
রাজ্য রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই রবিবার সকাল থেকে কলকাতার একাধিক প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি অভিযান শুরু করেছে। প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে শহরের বালিগঞ্জ, বেহালা ও এলগিন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে এই ঝটিকা অভিযান চলছে। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার এবং আর্থিক তছরুপের অভিযোগে চালানো এই ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
তদন্তের অংশ হিসেবে বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। একইসঙ্গে বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের বাড়িতেও আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে অভিযান চলছে। এছাড়া, ভবানীপুরের এলগিন রোডে প্রভাবশালী ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে জমি দখল ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে।