হরমুজ নিয়ে রণদামামা, বিশ্ব বাণিজ্যে কি বড় বিপদের ঝুঁকি?
ইরানের বিরুদ্ধে মার্কিন বন্দর অবরোধ না তোলার অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দীর্ঘ ৫০ দিনের উত্তেজনা প্রশমনের আভাস পাওয়া গেলেও, শনিবার তেহরান পুনরায় গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ বন্ধ করে ইরান ওয়াশিংটনকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারগুলো বাজেয়াপ্ত করা হতে পারে।
নতুন প্রোটোকল অনুযায়ী, ইরান এখন হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এখন থেকে এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন নিরাপত্তা শর্ত ও ‘নিরাপত্তা শুল্ক’ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার এই নিষেধাজ্ঞার ফলে হরমুজ অতিক্রম করতে চাওয়া অন্তত ২৭টি বাণিজ্যিক জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন, তাদের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।