১ লাখ টাকা তোলা যাবে না! কো-অপারেটিভ ব্যাঙ্কে কড়া নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের
আর্থিক সংকটের জেরে মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ৬ মাসের বিধিনিষেধ জারি আরবিআই-এর
আর্থিক অবস্থার চরম অবনতির কারণে মহারাষ্ট্রের ‘মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্ক’-এর ওপর ছয় মাসের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশনার ফলে ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের সেভিংস, কারেন্ট বা অন্য যেকোনো ধরনের অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এই ৬ মাস সময়কালে ব্যাঙ্ক কোনো নতুন ঋণ মঞ্জুর বা নবীকরণ করতে পারবে না। পাশাপাশি নতুন কোনো বিনিয়োগ, অর্থ ধার নেওয়া কিংবা নতুন আমানত গ্রহণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে ঋণের ইএমআই (EMI) জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কোনো বাধা থাকবে না।
আরবিআই স্পষ্ট করেছে যে, এই পদক্ষেপ ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, যোগ্য আমানতকারীরা ‘ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন’ (DICGC)-এর নিয়ম অনুযায়ী সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার দাবি করতে পারবেন। বর্তমানে কেন্দ্রীয় ব্যাঙ্ক পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে।