একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা! ৬ কিলোমিটার হেঁটে শিকল বাঁধা অবস্থায় থানায় হাজির গৃহবধূ
মধ্যপ্রদেশের রাজগড় জেলার খিলচিপুর থানা এলাকার ছিপিপুরা গ্রামে স্ত্রীকে ২৪ ঘণ্টা শিকল দিয়ে বেঁধে অকথ্য নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নির্যাতিতা গৃহবধূর সারা শরীরে গরম লোহার রডের ছ্যাঁকার চিহ্ন এবং গলায় লোহার শিকল ঝোলানো ছিল। এই বীভৎস পরিস্থিতিতেই তিনি কোনোমতে বন্দিদশা থেকে পালিয়ে ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে থানায় পৌঁছান। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত স্বামী সর্দার সিং তানওয়ারকে গ্রেপ্তার করেছে।
তদন্তে জানা গেছে, গত ১০ জুন রাতে খাবার পরিবেশনে বিলম্ব হওয়ার মতো তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় স্বামীকে মারধর শুরু করেন। এরপর স্ত্রীকে জোরপূর্বক বাড়িতে এনে লোহার শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং গরম রড দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। ২৪ ঘণ্টা পর সুযোগ বুঝে ওই নারী তালা ভেঙে পালিয়ে থানায় পৌঁছান। বর্তমানে ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের ভয়াবহ প্রমাণ মেলার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে খিলচিপুর থানা কর্তৃপক্ষ।