১১ ঘণ্টা ম্যারাথন জেরার পরেই বড় অ্যাকশন, অভিষেককে ঘিরে ইডির কড়া পদক্ষেপ!
প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তের গতি বৃদ্ধি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা শেষে ইডি’র পক্ষ থেকে অভিষেকের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথি তলব করা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, সংস্থাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এবং তাদের নামে থাকা ভাড়া বা লিজ দেওয়া সম্পত্তির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বয়ানের সূত্র ধরেই এই নথিগুলো তলব করা হয়েছে। এই নথিপত্রগুলো খতিয়ে দেখে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থ লেনদেনের উৎস এবং তা কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।