থানায় আত্মসমর্পণ করো নয়তো ফল ভোগ করো, দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি মোদীর!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে তৃণমূল এবং স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটগ্রহণের আগেই আইন অমান্যকারীদের সতর্ক করে তিনি বলেন, সময় থাকতে থানায় গিয়ে আত্মসমর্পণ না করলে ফল ভালো হবে না। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভোটের মুখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
বড়জোড়ার সভা থেকে সিন্ডিকেট ও মাফিয়ারাজের বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ২৯ এপ্রিলের আগে সিন্ডিকেট ও গুন্ডাদের থানায় আত্মসমর্পণ করতে হবে, তবে ২৩ তারিখের আগে তা করা হলে ভালো হয়। ৪ মে-র পর বিজেপি ক্ষমতায় এলে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও তিনি দাবি করেন। এছাড়া বিষ্ণুপুরের কয়লা পাচারকারী ও সিন্ডিকেট চক্রকেও এদিন সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, পরাজয় নিশ্চিত জেনেই শাসকদলের নেতারা এখন ভয়ের ভাষা ব্যবহার করছেন এবং বিজেপি ক্ষমতায় এলে ‘সিন্ডিকেট শাসনমুক্ত’ বাংলা গড়ার প্রতিশ্রুতি পূরণ করবে।