ভরাডুবির পরও চার্টার্ড বিমানে দিল্লি-কলকাতা সফর, কালীঘাটের বিরুদ্ধে এবার বিদ্রোহের আগুন!

বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ ও বিদ্রোহ দানা বাঁধছে। দলের সাধারণ কর্মী ও নেতারা যখন পুলিশি হেনস্থার সম্মুখীন, তখন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে দলের শীর্ষ পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের জন্য যে এমব্রেয়ার লিগ্যাসি ৬০০ মডেলের চার্টার্ড বিমান ব্যবহার করেছেন, তার খরচ প্রায় ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে সূত্রের খবর। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস যখন তৃণমূলের ৫৩৪ কোটি টাকার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার জন্য ব্যাঙ্কে চিঠি দিয়েছেন, সেই সময়ে এই বিপুল বিমান ভাড়ার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশ।

এই পরিস্থিতির জেরে দক্ষিণ কলকাতার এক প্রাক্তন মন্ত্রী তথা শীর্ষ নেতা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষোভ প্রকাশ করে অভিষেকের বিলাসবহুল সফর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আক্রান্ত কর্মীদের আইনি সহায়তার জন্য অর্থ বরাদ্দ না করে অভিষেকের এই খরচের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি এবং দল ছাড়ার হুমকিও দিয়েছেন। একদিকে আর্থিক সংকট ও অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা, আর অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের বিলাসিতা নিয়ে তৈরি হওয়া এই অভ্যন্তরীণ কোন্দল তৃণমূলের সাংগঠনিক কাঠামোকে সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন দলেরই একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *