অমরাবতীর ভয়াবহ কাণ্ড! ১৮০ নাবালিকাকে ‘লাভ ট্র্যাপে’ ফাঁসিয়ে পাশবিক নির্যাতন, গ্রেপ্তার প্লে-বয় আয়াজ!
মহারাষ্ট্রের অমরাবতীতে অন্তত ১৮০ জন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে মহম্মদ আয়াজ নামে এক যুবক ও তার সহযোগী উজর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রেকআপের পর নিজের ‘প্লে-বয়’ ইমেজ তৈরির নেশায় অভিযুক্ত যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের মুম্বই ও পুণেনিয়ে গিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করত। তদন্তে ধৃতের মোবাইল থেকে প্রায় ৩৫০টিরও বেশি আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে, যা ব্যবহার করে সে নাবালিকাদের ব্ল্যাকমেল করত এবং দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করত।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত তার বন্ধু উজর খানের সহায়তায় নির্দিষ্ট ফ্ল্যাট ও ক্যাফেতে নিয়ে গিয়ে এই নির্যাতন চালাত এবং প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে নিয়মিত আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করত। এই চক্রের দুই মূল অভিযুক্তের মধ্যকার বিবাদের জেরে মোবাইল থেকে ভিডিও ফাঁস হলে পুলিশ পুরো বিষয়টি জানতে পারে। এদিকে, অভিযুক্তের জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ায় গাফিলতির দায়ে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা হিসেবে আয়াজের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।