ডিভোর্স ঠেকাতে কোটিপতির অদ্ভুত ফন্দি, খাবি লেমের বুদ্ধিতে কুপোকাত স্ত্রী!
নির্বাক অঙ্গভঙ্গির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া টিকটক সেনসেশন খাবি লেম এবার নিজের বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ে এক কৌশলী পদক্ষেপ নিয়ে আলোচনায় এসেছেন। বিচ্ছেদ মামলায় স্ত্রীর বিপুল অঙ্কের সম্পত্তির দাবি নস্যাৎ করতে খাবি এমন এক কৌশল অবলম্বন করেছেন, যার ফলে আইনত কোনো বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি তাকে। আদালত ও বিভিন্ন আইনি নথিতে দেখা গেছে, খাবি লেম তার অর্জিত আয়ে কেনা গাড়ি, বাড়ি বা কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নিজের নামে রাখেননি, বরং সেগুলো অত্যন্ত সুকৌশলে তার বাবার নামে নিবন্ধিত করেছেন।
সাধারণত তারকাদের বিচ্ছেদ মামলায় জীবনসঙ্গীরা সম্পত্তির অর্ধেক বা বড় অঙ্কের খোরপোশ দাবি করে থাকেন, যা খাবির স্ত্রীর ক্ষেত্রেও ঘটেছিল। তবে নিজের নামে কোনো সম্পদ না থাকায় আইনগতভাবে খাবি বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। বিষয়টিকে আইন বিশেষজ্ঞরা ‘অ্যাসেট প্রোটেকশন’ বা সম্পদ সুরক্ষার একটি অনন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং খাবি লেমের বুদ্ধিমত্তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।