বিএসএফ জওয়ানদের জন্য বড় উপহার, শুভেন্দু সরকারের প্রথম বাজেটে ঐতিহাসিক সিদ্ধান্ত!

পশ্চিমবঙ্গের সীমানায় কর্মরত বিএসএফ জওয়ানদের বৃত্তিকর মকুবের ঘোষণা রাজ্য বাজেটে

পশ্চিমবঙ্গের সীমানায় কর্মরত বিএসএফ (BSF) জওয়ানদের জন্য বৃত্তিকর বা প্রফেশনাল ট্যাক্স সম্পূর্ণ মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। অর্থমন্ত্রী জানান, দেশের অখণ্ডতা রক্ষায় সীমান্তে নিয়োজিত জওয়ানদের ত্যাগ ও পরিষেবার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপে রাজ্যের সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানরা বড়সড় আর্থিক সুবিধা পাবেন।

জওয়ানদের পাশাপাশি রাজ্যের সাধারণ বেতনভোগী ও স্বল্প আয়ের কর্মীদের স্বস্তি দিয়ে বৃত্তিকরের পরিধি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন বাজেটে মাসিক ২০ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বৃত্তিকর মকুবের প্রস্তাব রাখা হয়েছে, যা আগে ১০ হাজার টাকা পর্যন্ত ছিল। এর ফলে রাজ্যের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত চাকুরিজীবীরা সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে, নতুন বাজেটে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *