নবান্নে বড় চমক, ২৪ ঘণ্টার মধ্যে জোড়া অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব এডিবির!
রাজ্যে নতুন সরকার গঠনের দেড় মাসের মাথায় প্রথম বাজেট পেশের ২৪ ঘণ্টার মধ্যেই শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছে নবান্ন। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শীর্ষ কর্মকর্তারা এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। রাজ্যের নতুন বাজেটে শিল্পের যে দিশা দেখানো হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই মেগা পরিকাঠামো উন্নয়ন ও আর্থিক সহযোগিতার এই প্রস্তাব নিয়ে এসেছে এডিবি।
নীতি আয়োগের মডেল অনুসরণ করে রাজ্যে দুটি ‘সিটি ইকোনমিক রিজিওন’ (সিইআর) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে এডিবি। কলকাতা মেট্রোপলিটন, শিলিগুড়ি, হলদিয়া-দিঘা ও দুর্গাপুর-আসানসোল—এই চারটি সম্ভাব্য হাবের মধ্যে দুটিকে বেছে নিয়ে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিল্প করিডর তৈরি, ডানকুনি-শিলিগুড়ি-হলদিয়াকে মাল্টিমোডাল লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা, পরিবেশবান্ধব গণপরিবহণের প্রসার, পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ এবং বারাণসী মডেলের আদলে চারটি পর্যটন ক্লাস্টার তৈরির একটি ছয় দফা রোডম্যাপও পেশ করেছে সংস্থাটি।