লন্ডনে বিরাট ধাক্কা নীরব মোদীর, ফেরাতে হবে ১০০ কোটি!
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০ কোটি ভারতীয় টাকা) পরিশোধের নির্দেশ দিয়েছেন লন্ডনের এক আদালত। লন্ডন সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার মঙ্গলবার এই নির্দেশ দেন। ২০১২ সালে দুবাইয়ের একটি সংস্থাকে দেওয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণের ব্যক্তিগত গ্যারান্টার ছিলেন নীরব মোদী। সেই ঋণের আসল ৪.১ মিলিয়ন ডলার এবং তার সুদ মিলিয়ে এই বিশাল অঙ্কের টাকা ওই ব্যাঙ্ককে ফেরত দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, ২০১৮ সালে পিএনবি জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর ঋণ পরিশোধের জন্য নীরব মোদীকে নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। শুনানিতে পলাতক হিরে ব্যবসায়ী দাবি করেন যে, তিনি কোনো নোটিস পাননি। তবে বিচারপতি নীরবের সেই দাবি খারিজ করে জানান, ২০১৮ এবং ২০২৫ সালের নোটিস যথাযথভাবে তাঁর কাছে পৌঁছানো হয়েছিল। এমনকি ২০২৫ সালের নোটিসটি তাঁর জেলের ঠিকানায় পাঠানো হয়। এছাড়া আদালতে পেশ করা নীরব মোদীর ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারির একটি ই-মেইল থেকেও প্রমাণিত হয়েছে যে, ঋণের বিষয়ে তিনি অবগত ছিলেন। সেই ই-মেইলে তিনি লিখেছিলেন, তদন্তের জেরে দুবাইয়ের সংস্থাটির পক্ষে ব্যাঙ্কের বকেয়া শোধ করা কঠিন। চূড়ান্ত রায়ে বিচারপতি সাইমন টিঙ্কলার সব ওজর-আপত্তি খারিজ করে অবিলম্বে সুদসহ ওই অর্থ মেটানোর নির্দেশ দেন।