সব্যসাচীর পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ, কোথায় লুকিয়ে বিপুল পরিমাণ সোনা?
তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তারের পর এবার তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তকে তলব করল পুলিশ। সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং তাঁর ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে মোট সাড়ে ছয় কেজি সোনার গয়না উদ্ধারের পর এই বিপুল সম্পত্তির উৎস সন্ধানে তদন্তকারীরা ইন্দ্রাণী দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বুধবার বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁর বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দ্রুত থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
গত ৮ জুন সব্যসাচী দত্ত গ্রেপ্তার হওয়ার পর তাঁর ফ্ল্যাট থেকে সাড়ে তিন কেজি সোনা ও তা কেনার রসিদ উদ্ধার হয়। পরবর্তীতে গত সোমবার নদিয়ার তেহট্টে সব্যসাচী-ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে আরও তিন কেজি সোনা পাওয়া যায়। এত বিপুল পরিমাণ সোনা কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে ইন্দ্রাণী দত্তকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ। সব্যসাচীর গ্রেপ্তারের পর থেকেই স্ত্রী ইন্দ্রাণী দত্ত বিলাসবহুল বাড়ি ছেড়ে গা ঢাকা দেওয়ায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।