ধর্মান্তরিতদের ওবিসি সুবিধা নয়, স্ট্যালিন সরকারকে জোর ধাক্কা মাদ্রাজ হাইকোর্টের!
ধর্মান্তরিত ব্যক্তিদের ওবিসি সুবিধা প্রদানের দাবি খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট
চেন্নাই: অনগ্রসর হিন্দু জাতি থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিদের ওবিসি (OBC) সংরক্ষণের সুবিধা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনো ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে তিনি কেবল ‘মুসলিম’ হিসেবে গণ্য হবেন। তাঁকে কোনোভাবেই ‘পিছিয়ে পড়া মুসলিম’ হিসেবে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা যাবে না এবং এই সুবিধা প্রদান করা অসাংবিধানিক।
তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকারের সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে আদালত এই পর্যবেক্ষণ দিয়েছে। আদালতের মতে, ধর্ম পরিবর্তনের ফলে একজন ব্যক্তির সামাজিক মর্যাদার মানদণ্ড পরিবর্তিত হয়, তাই ধর্মান্তরিত ব্যক্তিদের অনগ্রসর মুসলিম হিসেবে বিশেষ সুবিধা প্রদানের দাবি আইনত গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের এই রায়ের ফলে তামিলনাড়ু সরকারের বর্তমান সংরক্ষণ নীতি নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে।