গ্রামের ছেলের বিশ্বজয়! গৌতম আদানির হাত ধরে খুলছে সাফল্যের নতুন দিগন্ত
নিজের ৬৪তম জন্মদিনে দেশের প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে আদানি গ্রুপ চালু করল ‘বন্দে ভারতম’ নামে একটি মেগা কর্মসূচি। ভারতের বড় শহরগুলোর বাইরে থাকা মেধাবী ও তৃণমূল স্তরের উদ্ভাবকদের সঠিক পরিকাঠামো ও তহবিল প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং স্থানীয় সমস্যা সমাধানের মতো ক্ষেত্রগুলোকে এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে যোগদানের ক্ষেত্রে বয়স বা শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
গত ২৪ জুন থেকে এই কর্মসূচির পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। আবেদনের ভিত্তিতে বিশেষজ্ঞদের মূল্যায়নের মাধ্যমে সারা দেশ থেকে ৭৫ জন সেরা উদ্ভাবককে নির্বাচন করা হবে। নির্বাচিতরা আহমেদাবাদে গিয়ে শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিনিয়োগকারীদের কাছ থেকে মেন্টরশিপ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, তাঁদের ইনকিউবেশন সাপোর্ট ও কৌশলগত অংশীদারিত্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে আদানি গ্রুপ। অভিনেতা ও উদ্যোক্তা রাজীব খণ্ডলওয়াল এই উদ্যোগের প্রচারদূত হিসেবে যুক্ত হয়েছেন এবং আগামী স্বাধীনতা দিবসে গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগ্রহীরা আদানির অফিশিয়াল পোর্টাল থেকে এই কর্মসূচিতে নিবন্ধনের সুযোগ পাবেন।