পিএফ নিয়মে বড় বদল, প্রতি মাসে কত বেতন কাটবে আপনার?

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) কাটার নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ১৯৫২ সালের পুরনো প্রকল্পের পরিবর্তে ২৯ জুন থেকে কার্যকর হয়েছে নতুন ‘ইপিএফ স্কিম, ২০২৬’। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর এই নতুন বিধি অনুযায়ী, মূল বেতন ১৫,০০০ টাকা বা তার বেশি হলে কর্মীকে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে ন্যূনতম ১,৮০০ টাকা পিএফ তহবিলে জমা দিতে হবে। নিয়ম অনুযায়ী, কর্মীর জমা দেওয়া অর্থের সমপরিমাণ টাকা নিয়োগকর্তাকেও তহবিলে প্রদান করতে হবে, যার ফলে ওই কর্মীর অ্যাকাউন্টে প্রতি মাসে মোট ৩,৬০০ টাকা জমা হবে।

এই নতুন স্কিমে জমানো অর্থের ওপর বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, যা প্রতি বছর কেন্দ্রের পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত হতে পারে। নতুন বিধিতে কোনো কর্মী চাইলে বাধ্যতামূলক ১,৮০০ টাকার চেয়েও বেশি অর্থ জমা করতে পারবেন; তবে সে ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা সমপরিমাণ অর্থ দিতে বাধ্য থাকবে না। সংস্থা তাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী অতিরিক্ত অর্থ প্রদান করতে পারে বা তা বন্ধও রাখতে পারে। এছাড়া কর্মী ও নিয়োগকর্তা উভয়েই যেকোনো সময় এই স্বেচ্ছাধীন অবদানের পরিমাণ কমাতে বা বন্ধ করার সুযোগ পাবেন। ইপিএফও কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনের ফলে দেশের প্রায় আট কোটি গ্রাহক উপকৃত হবেন এবং বেসরকারি কর্মীদের অবসরকালীন সঞ্চয় আরও সুরক্ষিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *