স্কুলের জমি দখল করে টেনিস কোর্ট! ধৃত দেবরাজের বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ!
July 6, 2026
তোলাবাজির মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার স্কুলের জমি দখলের অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধাননগরের ১৮ নম্বর ওয়ার্ডে একটি স্কুলের জায়গায় তিনি বেআইনিভাবে টেনিস কোর্ট নির্মাণ করেছেন। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সম্প্রতি পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা জমি দখল ও সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগগুলোর তদন্তের জন্য আট সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৮টি অভিযোগের ভিত্তিতে নতুন মামলা রুজু করে এই দুর্নীতির সঙ্গে যুক্ত বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।