সরকারি হাসপাতালে বহিরাগত রুখতে এবার রঙিন ব্যান্ডের কড়াকড়ি!
কলকাতার সরকারি হাসপাতালগুলোতে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এবার নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ব্যবস্থার আওতায় রোগী ও তাদের পরিজনদের নির্দিষ্ট রঙের ব্যান্ড পরতে হবে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিশেষ ব্যাজ। শুক্রবার ন্যাশনাল মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, চিকিৎসকদের বদলি নীতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে, যার মাধ্যমে দুর্গম বা কঠিন কর্মক্ষেত্রে বদলি হওয়া চিকিৎসকদের দুই বছরের মধ্যেই ফিরিয়ে আনার নতুন নীতি কার্যকর করা হবে।
এছাড়া সরকারি হাসপাতালের অধ্যক্ষ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন এইমস-এর অধিকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা গ্রামীণ স্তরে সিনিয়র চিকিৎসকদের নিয়োগের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, থ্রেট কালচার বন্ধ করা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং অভয়ার বিচারসহ মোট ছয় দফা দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার।