অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় পদক্ষেপ, রাজ্যের সিদ্ধান্তে শোরগোল!
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি) প্রবর্তনের লক্ষ্যে ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ খসড়া বিলটি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। শুক্রবার রাজ্যের বিচার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা মেনে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও উইলের মতো ব্যক্তিগত দেওয়ানি বিষয়গুলোতে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গত ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল।
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, প্রাক্তন আইএএস দুষ্মন্ত নারিয়ালা ও শত্রুঘ্ন সিং, স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ (সদস্য-আহ্বায়ক), ড. রত্না ভট্টাচার্য, গোপালচন্দ্র মিশ্র, আইনজীবী ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্য। অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি ব্যক্তিগত আইন সংক্রান্ত জটিলতা নিরসন এবং একটি সুসংহত আইনি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।