স্পেশাল ২৬ কায়দায় হানা, ভুয়ো পুলিশ সেজে ২ কোটি টাকা লুট!
হিন্দি সিনেমা ‘স্পেশাল ২৬’-এর কায়দায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডে এক ব্যবসায়ীর অফিসে হানা দিয়ে ২ কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার একদল দুষ্কৃতী গোয়েন্দা পুলিশ সেজে অফিসে প্রবেশ করে। নিজেদের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা অফিসের কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং অভিযানের নামে ভয় দেখিয়ে সিন্দুক খুলতে বাধ্য করে। সিন্দুক থেকে ২ কোটি টাকা লুট করে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঘটনার পর ব্যবসায়ী টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে লালবাজারের গোয়েন্দা বিভাগ ও স্থানীয় পুলিশ যৌথ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে শনিবার শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, মূল অভিযুক্ত ‘আসিফ’-সহ বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ও অবশিষ্ট টাকা উদ্ধারে জোর তল্লাশি চলছে।