সাতসকালে সাইকেল থামিয়ে নৃশংস খুন! জমি বিবাদে তোলপাড় এলাকা

মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে নফল শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে এলাকার মাঠের সামনে পৌঁছালে তাঁর প্রতিবেশী হাবু শেখ ধারালো হাঁসুয়া নিয়ে তাঁর ওপর হামলা চালান। আক্রান্ত ব্যক্তিকে সাইকেল থেকে ফেলে এলোপাথাড়ি কোপানো হলে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত হাবু শেখ এলাকা থেকে পালিয়ে যান। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের পুরনো বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *