নন্দীগ্রামে প্রার্থীই দেবে না তৃণমূল! উপনির্বাচন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
আগামী দুই মাসের মধ্যেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মেচেদায় পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—উভয় কেন্দ্র থেকে জয়ী হলেও পরবর্তীতে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার কারণেই সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
উপনির্বাচনে দলের প্রার্থী কে হবেন তা নিয়ে এখনও কোনো ঘোষণা না করলেও, বৈঠকে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পুলিশ ও আইপ্যাকের সহায়তা ছাড়া বর্তমান তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনে দাঁড় করানোর মতো কোনো উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া সম্ভব হবে না। এ সময় তিনি আরও দাবি করেন যে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধ হয়েছে এবং আগামী দিনে পূর্ব মেদিনীপুরে বিজেপির প্রাপ্ত ভোটের হার ৫৬ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশে পৌঁছাবে।