ডিমের দামে নাভিশ্বাস! ৮ টাকা ছুঁইছুঁই, কবে মিলবে স্বস্তি?
July 13, 2026
কলকাতাসহ রাজ্যজুড়ে লাগামহীনভাবে বাড়ছে ডিমের দাম। গত দেড় মাসে ডিমের দাম ট্রে প্রতি প্রায় ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খুচরো বাজারে একটি ডিম কিনতে ক্রেতাদের ৭.৫০ থেকে ৮ টাকা গুনতে হচ্ছে। গত ৪ জুন পাইকারি বাজারে ডিমের ট্রে ১৮৬ টাকা থাকলেও, তা বেড়ে বর্তমানে ২২৫ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে খুচরো বাজারে ২০০-২০৫ টাকায় বিক্রি হওয়া ডিমের ট্রে এখন ২৩৯ থেকে ২৪২ টাকায় বিক্রি হচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানান, মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি, তীব্র দাবদাহের কারণে মুরগির ডিম দেওয়ার ক্ষমতা হ্রাস পাওয়ায় বাজারে চাহিদার তুলনায় জোগান কমেছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে মুরগির খাবারের দাম কমলে ডিমের দামও সাধারণের নাগালে চলে আসবে বলে পোল্ট্রি ফেডারেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।