নিয়োগ দুর্নীতিতে ইডির জালে মদন মিত্রের পরিবার, তলব স্ত্রী ও দুই ছেলেকে!
রাজ্যের শিক্ষক ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়িয়ে এবার মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে বিধায়কের স্ত্রী ও তাঁর দুই পুত্রকে তলব করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন পাওয়া বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্যের সূত্র ধরেই তাঁদের জেরা করতে চাইছে ইডি। তবে এই তলব প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত জুন মাসে বিধায়কের ভবানীপুর, কালীঘাট ও দক্ষিণেশ্বরসহ মোট সাতটি ঠিকানায় তল্লাশি চালিয়ে ইডি একাধিক নথি ও তথ্য বাজেয়াপ্ত করেছিল। এছাড়া গত বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও এই মামলার তদন্তে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক প্রভাবশালী নেতার নাম উঠে আসার পাশাপাশি এবার তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যদের তলব করায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।