ইতিহাস গড়তে প্রস্তুত ভারত! দেশে প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু মোদীর হাত ধরে
আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি ‘হাইড্রোজেন ফুয়েল সেল’ প্রযুক্তির মাধ্যমে চলবে, যেখানে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ইঞ্জিনকে শক্তি জোগানো হবে। এই ট্রেনটি কোনো ধরনের কার্বন নিঃসরণ ছাড়াই চলবে এবং উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত করবে। ফলে সাধারণ ইলেকট্রিক ট্রেনের মতো কোনো ইলেকট্রিক লাইনের প্রয়োজন ছাড়াই এটি নিজস্ব বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হবে।
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নির্মিত ১০ কোচ বিশিষ্ট এই ট্রেনের ইঞ্জিনটি ৩,২০০ হর্সপাওয়ারের শক্তিশালী প্রপালশন সিস্টেমযুক্ত, যা একে বিশ্বের অন্যতম দীর্ঘ ও শক্তিশালী হাইড্রোজেন ট্রেনে পরিণত করেছে। শব্দহীন যাত্রার সুবিধার পাশাপাশি এই ট্রেনটি পরিবেশ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাইড্রোজেন ট্রেন ছাড়াও, ওই দিন প্রধানমন্ত্রী হরিয়ানায় ১২,৪৭০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন।