কলকাতা থেকে বাসেই দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু! জেনে নিন সব তথ্য।
কলকাতা থেকে ভিনরাজ্যে যাতায়াত সহজ ও আরামদায়ক করতে সল্টলেক করুণাময়ী থেকে অত্যাধুনিক বিলাসবহুল বাস পরিষেবার সূচনা করা হয়েছে। পিপিপি (PPP) মডেলে বেসরকারি সংস্থার সহযোগিতায় চালু হওয়া এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এই বাস পরিষেবার মাধ্যমে এখন সরাসরি দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুরী যাওয়া যাবে।
ভাড়া ও সময়সূচীর তথ্যানুযায়ী, দিল্লি পৌঁছাতে সময় লাগবে ১৭ ঘণ্টা এবং ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা। বেঙ্গালুরুর ক্ষেত্রে ৩৫ ঘণ্টা সময়ে ভাড়া ধার্য করা হয়েছে ৪,৫০০ টাকা। এছাড়া চেন্নাইয়ের ভাড়া ৪,৭০০ টাকা (২৪ ঘণ্টা) এবং পুরীগামী ভলভো বাসের ভাড়া ১,৫০০ থেকে ২,০০০ টাকা (৮ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে বাসের প্রতিটি সিটে ব্যক্তিগত টিভি স্ক্রিন, মিনি স্ন্যাক্স বার এবং বায়ো-টয়লেটের সুবিধা রাখা হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে সাত দিনই এই বাস পরিষেবা চালু থাকবে।