ইসরো ছাড়ছেন ১০০ বিজ্ঞানী! গগনযান কি তবে অনিশ্চিত?
ইসরোর বিজ্ঞানীদের ইস্তফা ও কুডনকুলামের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই: কেন্দ্রীয় মন্ত্রী
সম্প্রতি ইসরোর অন্তত ১০০ জন বিজ্ঞানীর ইস্তফা এবং কুডনকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্য সাইবার হামলার জল্পনা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই দুই ইস্যুতে উদ্বেগের কোনো কারণ নেই। ইসরোর বিজ্ঞানীদের ইস্তফার বিষয়টিকে ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, বড় প্রতিষ্ঠানে কর্মীদের আসা-যাওয়া লেগেই থাকে। তবে ‘গগনযান’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ‘গ্রুপ এ’ স্তরের বিজ্ঞানীদের ইস্তফা বা স্বেচ্ছাবসরের আবেদনের ক্ষেত্রে এখন থেকে উচ্চপর্যায়ে কঠোর যাচাই করা হবে।
‘গগনযান’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনা খারিজ করে জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই মিশন কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। নেতৃত্ব পরিবর্তনের পরেও প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলবে এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ বিজ্ঞানীরাও নেপথ্য থেকে সহায়তা করছেন। পাশাপাশি, কুডনকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হামলা ও তথ্য ফাঁসের অভিযোগও পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি নিশ্চিত করেছেন যে, পরমাণু কেন্দ্র থেকে কোনো সংবেদনশীল তথ্য বাইরে যায়নি এবং ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCIL) ও সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In যৌথভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।