এমবিএ স্কলারশিপে কোটি টাকার জালিয়াতি, পড়ুয়াদের নামে অ্যাকাউন্ট খুলে সরকারি টাকা লোপাট!
ভোপালে এমবিএ পড়ুয়াদের সরকারি স্কলারশিপের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে সিবিআই। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের অক্টোবরের মধ্যে সংঘটিত এই ঘটনায় ৯৯.৪৮ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউকো ব্যাঙ্কের হাবিবগঞ্জ শাখার তৎকালীন ম্যানেজার প্রেমা বর্মা এবং অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্ট কলেজের পরিচালক বিনয় মালহোত্রা, অধ্যাপক আদিত্য মালহোত্রা, দুই সহকারী অধ্যাপক মনোজ জৈন ও ভিনেশ মেশরাম এবং কর্মী রাম সিং বর্মার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ব্যাঙ্কের জোনাল হেড লোকেশ কুমারের অভিযোগের ভিত্তিতে সিবিআই-এর অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পড়ুয়াদের নাম ও জাল নথিপত্র ব্যবহার করে ১১৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। প্রতারণার কৌশল হিসেবে কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের মোবাইল নম্বরের পরিবর্তে নিজেদের বা সহযোগীদের নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রেখেছিল, ফলে সরকারি টাকা জমা হওয়ার পর ওটিপি তাদের কাছে পৌঁছে যেত। কলেজের কর্মী রাম সিং পড়ুয়াদের অজান্তেই এটিএম কার্ডগুলো সংগ্রহ করে টাকা তুলে নিতেন। এছাড়া, ভুয়া নথিপত্র ও শিক্ষাগত শংসাপত্র জমা দিয়ে ব্যাঙ্কের কেওয়াইসি (KYC) যাচাইকরণ প্রক্রিয়াকেও ফাঁকি দেওয়া হয়েছিল। বর্তমানে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে সিবিআই।