কুকুরের এক ভুলেই ছাই দেড় কোটির বাড়ি, প্রাণ হারালেন ৩ জন!
আমেরিকার মেরিল্যান্ডে পোষ্য কুকুরের ভুলে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। গত ১০ জুলাই বাড়ির মালিকরা বাইরে থাকার সময় তাদের পোষ্য হাস্কি কুকুর ‘বো’ খাবারের খোঁজে রান্নাঘরের কাউন্টারে লাফিয়ে উঠলে দুর্ঘটনাবশত টোস্টারটি চালু হয়ে যায়। টোস্টারের অতিরিক্ত গরমে পাশে থাকা দাহ্য বস্তুতে আগুন ধরে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার (দেড় লক্ষ ডলার) সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রায় ৩০ জন দমকলকর্মীর ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীরা ‘বো’ ও ‘আডি’ নামের দুটি কুকুরকে জীবিত উদ্ধার করতে পারলেও কালো ধোঁয়া ও আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে ‘ডেকোটা’ নামের একটি কুকুর এবং দুটি পোষা বিড়ালের। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে পোষ্যকে ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশে একা রেখে যাওয়ার বিষয়ে মালিকের সতর্কতা ও গাফিলতি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।