আশাকর্মীর বাড়িতে তাণ্ডব ও খুনের হুমকি, গ্রেফতার বিজেপির মণ্ডল সহ-সভাপতি!

পূর্ব বর্ধমানের জামালপুরে এক আশাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে শান্তনু মণ্ডল ওরফে সুশান্ত নামে স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুর-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি শান্তনুকে সোমবার রাতে হালাড়া মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বর্ধমান আদালতের বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, শান্তনু মণ্ডলের বিরুদ্ধে অতীতেও পঞ্চায়েত নির্বাচনে বোমাবাজি ও বিদ্যুৎ চুরির মতো একাধিক মামলার রেকর্ড রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ মে হিরণ্যগ্রামের বাসিন্দা ওই আশাকর্মীর সাথে জমি নিয়ে বিবাদ থাকা বসন্ত পাঁজার নেতৃত্বে একদল ব্যক্তি শাবল ও রড নিয়ে ওই গৃহবধূর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর ১৯ মে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, মূল অভিযুক্ত বসন্ত পাঁজা সহ বাকি অভিযুক্তরা এখনও পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, এটি নিতান্তই পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে জামালপুরের বিধায়ক অরুণ হালদার জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *