ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুল ভ্যান, মর্মান্তিক মৃত্যু ৩ পড়ুয়ার!
মুর্শিদাবাদের বহরমপুরে শুক্রবার সকালে স্কুল ভ্যান ও ট্রেনের সংঘর্ষে দুই পড়ুয়া সহ মোট তিনজনের প্রাণহানি ঘটেছে। বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেট পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি স্কুল ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে পাশের রেললাইনে ছিটকে পড়ে এবং ট্রেনের ধাক্কায় এক সাইকেল আরোহীরও মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় সিগন্যাল বা রেলগেট খোলা ছিল, যার ফলে চালক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে এই বিপত্তি ঘটে। রেলগেট খোলা থাকা নিয়ে রেল গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন এবং পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, এই ঘটনার কারণ ও গেটম্যানের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ব রেলের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে রেলের একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।