সালমানের পর এবার আমির খানও কি বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়!
বলিউড তারকা আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া বিতর্কের রেশ ধরে এবার তাকে প্রাণনাশের হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। গত ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ের পর থেকেই আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। এই পরিস্থিতির মধ্যেই লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও অডিও বার্তার মাধ্যমে আমির খানকে হুমকি দিয়েছেন। পোস্টে আমির খানের কর্মকাণ্ডকে সংস্কৃতির পরিপন্থী আখ্যা দিয়ে এর ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আমির খানকে ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে কটাক্ষ করার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে। এ বিষয়ে আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার পরিবারের ইতিহাসে ভিন ধর্মে বিয়ে নতুন কিছু নয় এবং তার কোনো স্ত্রীই বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি। অভিনেতা আরও স্পষ্ট করেন যে, তার বর্তমান স্ত্রী গৌরী হিন্দু নন, বরং তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বী।