দুধে ঘুমের ওষুধ খাইয়ে সাপ দিয়ে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে হাত মেলালেন স্ত্রী!
উত্তরপ্রদেশের মিরাটে স্বামীকে সাপের কামড়ে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হস্তিনাপুরে ‘কৃষ্ণ কিডস পাবলিক স্কুল’-এর পরিচালক অতুল পানওয়ারের মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে এবং অতুলের ২০ লক্ষ টাকার জীবনবিমার টাকা হাতানোর উদ্দেশ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বিষধর সাপ দিয়ে তাকে ছোবল খাওয়ানো হয়।
তদন্তে উঠে এসেছে, মৃত অতুলের স্ত্রী দামিনীর সঙ্গে স্কুলের চালক তুষারের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তুষার জেরায় স্বীকার করেছে যে, ঘটনার রাতে দামিনী দুধে ঘুমের ওষুধ মিশিয়ে অতুলকে অচেতন করে। এরপর তুষার তার দুই সহযোগী সোনু ও উদয়ের সহায়তায় সাপুড়ের কাছ থেকে সংগ্রহ করা বিষধর সাপ অতুলের কম্বলে ঢুকিয়ে দেয়। এর আগে হেলমেট পরা অবস্থায় অতুলকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টাও করেছিল অভিযুক্তরা। বর্তমানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং উদ্ধার হওয়া সাপটিকে পরীক্ষার জন্য পাঠিয়েছে।