রাজারহাটে বিকট বিস্ফোরণ, উদ্ধার তাজা বোমা! আটক ২
রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি ভাড়া বাড়িতে বিকট বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় একতলা ওই বাড়িটির দেওয়াল ও দরজা ভেঙে চুরমার হয়ে যায় এবং পাশের ঘরগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ঘর থেকে একাধিক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে দুইজন সন্দেহভাজন একটি ব্যাগ নিয়ে ওই ঘরে প্রবেশ করে এবং ব্যাগটি রেখে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিধাননগর পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বাড়িতে বিপুল পরিমাণে দেশি বোমা মজুত করা ছিল। বড় কোনো নাশকতার ছক ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।