ইন্টারনেট ছাড়াই করুন UPI পেমেন্ট, জেনে নিন সহজ উপায়!
ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিজিটাল পেমেন্ট করার সুবিধা নিয়ে আসতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা কোনো রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই দোকানে বা রেস্তোরাঁর পয়েন্ট অফ সেল (PoS) মেশিনে কিউআর কোড বা পিন ছাড়াই ইউপিআই (UPI) পেমেন্ট করতে পারবেন। এনএফসি (NFC) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই পরিষেবাটি মূলত ইউপিআই লাইট (UPI Lite) ওয়ালেটের মাধ্যমে কাজ করবে এবং প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ২,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।
এই প্রযুক্তি ব্যবহারের জন্য স্মার্টফোনটি সরাসরি PoS মেশিনে ট্যাপ করতে হবে, ফলে পেমেন্ট হবে দ্রুত এবং ঝামেলামুক্ত। নিরাপত্তার স্বার্থে লেনদেনের তথ্য সাময়িকভাবে মেশিনে সঞ্চিত থাকবে এবং পরবর্তীতে ইন্টারনেট সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক ও পেমেন্ট অ্যাপের সার্ভারে পৌঁছে যাবে। ২০২৬ সাল থেকে এই পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে এনপিসিআই। বর্তমানে গুগল পে এবং পেটিএম-এর মতো বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের সঙ্গে যৌথভাবে কাজ করছে সংস্থাটি, যা মেট্রো স্টেশন বা দুর্বল নেটওয়ার্কের এলাকায় ডিজিটাল লেনদেনকে আরও সহজতর করে তুলবে।