উপকূলে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা!
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি মঙ্গলবার সকালে দীঘা ও হলদিয়ার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গসহ পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। নিম্নচাপের প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগড় ও পূর্ব মধ্যপ্রদেশসহ ভারতের বিভিন্ন প্রান্তে মৌসুমি বায়ুর সক্রিয়তা বজায় থাকবে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।