নাগরিকত্বের প্রমাণ নিজেকেই দিতে হবে, হাই কোর্টের নির্দেশে বড় ধাক্কা!
বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে নিজের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ তাঁকেই দিতে হবে এবং এ ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের কোনো দায় রাষ্ট্র বা আদালতের নেই। সম্প্রতি এক মামলার শুনানিতে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, ১৯৪৬ সালের অভিবাসন এবং বিদেশি আইনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির সন্দেহ দূর করার সম্পূর্ণ দায়ভার তাঁর নিজেরই। এই মামলার প্রেক্ষিতে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ভোটার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র বা জমি সংক্রান্ত নথিপত্র চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয় না।
ঘটনার সূত্রপাত সুমন মোল্লা নামে এক ব্যক্তির দায়ের করা হেবিয়াস কর্পাস মামলাকে কেন্দ্র করে, যেখানে তিনি তাঁর ভাইপোকে বেআইনিভাবে আটক এবং ডিটেনশন শিবিরে রাখার অভিযোগ তুলেছিলেন। মামলাকারীর দাখিল করা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জন্মসূত্রে নাগরিকত্বের কোনো নির্ভরযোগ্য প্রমাণ ওই ব্যক্তি দাখিল করতে পারেননি। পাশাপাশি, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেই বাংলাদেশি বলে স্বীকারোক্তি দিয়েছেন, যার ভিডিও প্রমাণও রয়েছে। সব পক্ষের শুনানি শেষে আদালত রাজ্যের সিদ্ধান্তই বহাল রেখেছে এবং জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় সংক্রান্ত একাধিক অসঙ্গতির কারণে সন্দেহের অবকাশ রয়েছে।