দিদিকে না তাড়ালে কংগ্রেসের এই হাল হত না! প্রিয়াঙ্কাকে তুলোধনা কল্যাণের

সংসদের বাদল অধিবেশনে সাসপেন্ড হওয়ার পর লোকসভা ভবনের বাইরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ২০ জন সাংসদের ছবিসহ ‘গদ্দার’ লেখা পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ জানানোর সময় সেখানে উপস্থিত হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও সাংসদ পাপ্পু যাদব। এ সময় দুই নেতার মধ্যে হাল্কা মেজাজে কথাবার্তা শুরু হলেও মুহূর্তের মধ্যেই তা রাজনৈতিক বাকযুদ্ধে পরিণত হয়।

আলোচনার শুরুতে প্রিয়াঙ্কা পোস্টারের ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে কল্যাণ তাদের ‘গদ্দার’ বলে অভিহিত করেন এবং বর্তমানে তারা মোদীর সঙ্গে রয়েছেন বলে মন্তব্য করেন। এর জবাবে প্রিয়াঙ্কা শ্লেষের সুরে বলেন, কিছু লোক আগে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিল এবং এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে। পাল্টা জবাবে কল্যাণ ১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং দাবি করেন, তৎকালীন ওই সিদ্ধান্তের জন্যই কংগ্রেসের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রিয়াঙ্কা উল্লেখ করেন যে, তাঁর বাবা রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করতেন। সংসদ চত্বরে দুই দলের শীর্ষ রাজনীতিকদের এই সৌজন্যের আড়ালের তীক্ষ্ণ রাজনৈতিক তরজার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *