শিক্ষিকার চরম ধমক ও শাস্তির ভয়ে প্রাণ হারাল ৬ বছরের শিশু!
বার্তা ডেস্কঃ
বিশাখাপত্তনম: হোমওয়ার্ক না করার অপরাধে শিক্ষিকার তীব্র কটূক্তি ও মারের ভয়ে ক্লাসরুমের ভেতরেই এক ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ‘লিটল গার্ডেন স্কুল’-এর লোয়ার কেজির ছাত্র প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থী প্রণয় তেজের এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার দিন হোমওয়ার্ক সম্পন্ন না করেই স্কুলে যায় ৬ বছরের প্রণয়। ক্লাসে শিক্ষিকা যখন খাতা দেখা শুরু করেন, তখন থেকেই ভয়ে শিউরে ওঠে শিশুটি। শিক্ষিকা তার দিকে এগোতেই আতঙ্কে কাঁদতে ও কাশতে শুরু করে সে। অভিযোগ, প্রণয়কে আস্বস্ত করার বদলে ওই শিক্ষিকা তার ওপর চরম চিৎকার করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ভয় দেখান।
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিক্ষিকার অতিরিক্ত ধমকানি ও আতঙ্কের চোটে প্রাণভয়ে অচেতন হয়ে ওই শিক্ষিকার ওপরই ঢলে পড়ে প্রণয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তীব্র মানসিক চাপ ও ভীতি থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে পথেই তার মৃত্যু হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রণয়ের পরিবার স্কুলে গিয়ে ঘটনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তবে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোমলমতি শিশুদের ওপর এই ধরনের মানসিক ত্রাস সৃষ্টি কতখানি যুক্তিসঙ্গত, তা নিয়ে ইতিমধ্যেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।