মন্ত্রিত্বের পর শিল্পীর রঙে অগ্নিমিত্রা, নতুন এই পথচলা চমকপ্রদ!
বার্তা ডেস্কঃ
রাজনীতির ব্যস্ততা এবং মন্ত্রিত্বের গুরুদায়িত্ব সামলে দীর্ঘদিন ধরেই রং-তুলি থেকে দূরে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিবিদ অগ্নিমিত্রা পাল। তবে সিনিয়র সিটিজেন ডে উপলক্ষে আয়োজিত এক বিশেষ আর্ট থেরাপি কর্মশালায় অংশ নিয়ে নিজের সেই পুরনো ভালবাসায় ফিরলেন তিনি। ‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’ শীর্ষক এই কর্মশালায় ‘আমার মা ভারত মা’ থিমকে সামনে রেখে নিজের হাতে ছবি আঁকেন তিনি। দীর্ঘদিন পর ফের পেন্সিল-রং হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অগ্নিমিত্রা জানান, কাজের চাপে এতদিন আঁকা হয়ে ওঠেনি, তবে পুরনো অভ্যাসে ফিরে আসা তাঁর কাছে অত্যন্ত আনন্দের ও স্বস্তিদায়ক।
বয়স বা ব্যস্ততা যে সৃষ্টিশীলতার পথে কোনও বাধা হতে পারে না, এই কর্মশালার মাধ্যমে সেই বার্তাই জোরালোভাবে তুলে ধরা হয়। প্রবীণ নাগরিকদের সৃজনশীলতার সঙ্গে যুক্ত রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অগ্নিমিত্রার নিজস্ব শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা ‘আমার মা ভারত মা’ চিত্রকর্মটি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মন্ত্রীর এই সৃজনশীল রূপ এবং শিল্প সত্তার প্রকাশ সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সকলের নজর কেড়ে নিয়েছে।