নন্দনে তারার মেলা, নতুন প্রজন্মের ছবির জয়গান!
বার্তা ডেস্কঃ
সমাজমাধ্যম ও রাজনীতির গণ্ডি পেরিয়ে এবার সিনেমার পর্দায় জায়গা করে নিচ্ছে জেন-জি (Gen-Z) প্রজন্মের ভাবনা। নতুন প্রজন্মের গল্প বলা এবং নির্মাণের অনন্য ভাষাকে তুলে ধরতে কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’।
আগামী ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত নন্দন চত্বরে চলবে তিন দিনব্যাপী এই বিশেষ উৎসব। মূলত ৪০ বছরের কম বয়সি তরুণ পরিচালকদের কাজকে প্রাধান্য দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন গল্প, নতুন নির্মাণশৈলী এবং উদীয়মান প্রতিভাদের দর্শকমহলে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে এই উৎসবকে।
এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই উৎসব কমিটির ‘পেট্রন’ হিসেবে যুক্ত হয়েছেন এবং তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে একটি ভিডিও বার্তায় চলচ্চিত্রপ্রেমীদের নন্দনে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ভাল কাজের সঠিক মূল্যায়ন ও নতুনদের পথ দেখানোর জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
জেন-জি প্রজন্মের জীবনবোধ ও সাংস্কৃতিক চিন্তাভাবনা রূপালি পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।